জাতীয় নিরাপদ সড়ক আন্দোলন (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (০১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি তার বাবার অসুস্থতার বিস্তারিত তুলে ধরে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
মিরাজুল মইন জয় জানান, ইলিয়াস কাঞ্চন ২৬ এপ্রিল ২০২৫ থেকে লন্ডনে অবস্থান করছেন এবং দীর্ঘ এই অবস্থান শুধুমাত্র চিকিৎসাজনিত কারণে। বছরের শুরুতে তিনি বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হন। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে গেলে পরিবারের সদস্যরা ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। প্রায় ছয় ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয়। দুই দিন পর রিপোর্টে দেখা যায়, তার মাথায় টিউমার রয়েছে।
তিনি আরও জানান, আগের থেকেই কাঞ্চন কথা বলতে গিয়ে আটকে যেতেন এবং অনেক কিছু মনে করতে অসুবিধা হতো। এমআরআই রিপোর্টে জানা যায়, টিউমারজনিত কারণে এই সমস্যা দেখা দিয়েছে। ১৩ এপ্রিল রিপোর্ট নিয়ে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সে দেখানো হয়। সেখানে গঠিত ডাক্তার বোর্ডের মতামত ছিল, টিউমারের অবস্থান গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে হওয়ায় সরাসরি অপারেশন ক্রিটিক্যাল হতে পারে।
পরিবারের পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে লন্ডনে নিয়ে চিকিৎসা করানোর। দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র整 করে ২৬ এপ্রিল ২০২৫ তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। লন্ডনে পৌঁছানোর পরপরই হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি বিশেষজ্ঞদের অধীনে রাখা হয়। তিন মাসের পরীক্ষা-নিরীক্ষার পর ৫ আগস্ট ২০২৫ তারিখে লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।
জয় বলেন, ডাক্তাররা অপারেশনের আগে জানিয়েছেন পুরো টিউমার অপসারণ করা সম্ভব নয়। পুরো টিউমার অপসারণে জীবনহানি এবং প্যারালাইসিসসহ চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারানোর ঝুঁকি রয়েছে। তাই পরিবারের অনুমতি অনুযায়ী টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে। রেডিয়েশন ও কেমোথেরাপি সপ্তাহে পাঁচ দিন করে ৬ সপ্তাহ চলবে। এরপর ৪ সপ্তাহ ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন। পরে ডাক্তার অনুমতি দিলে আশা করা হচ্ছে তিনি বাংলাদেশে ফিরে আসবেন।